ডেইলি বারবাজার প্রতিবেদন
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদান করেছে। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে এই অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত অনুমতিপত্র পাঠানো হয়। চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। অনুমতিপত্র গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
এই অনুমতির মাধ্যমে বিএনপি নির্ধারিত দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
