হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মতিলাল দাশ (৫৫) নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাশকে (২৫) ঘুমন্ত অবস্থায় হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা রানী দাশের ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে হলেও কোনো সংসারই টেকেনি। তিনি দুই সন্তানের মা হলেও মোবাইল ফোনে অন্য ছেলেদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করেন তার পিতা। এতে পারিবারিক কলহ বাড়তে থাকে।
মতিলাল দাশ জানান, মেয়ের এমন আচরণে তিনি সামাজিকভাবে অপমানিত হচ্ছিলেন। পাড়া-প্রতিবেশীদের নানা কটূক্তি সহ্য করতে না পেরে ক্ষোভের বশে তিনি ঘুমন্ত মেয়েকে হত্যা করেন।
স্থানীয়রা জানান, মতিলাল দাশ একজন ধর্মভীরু মানুষ, নিয়মিত গীতা পাঠ ও কীর্তন করতেন। তবে মেয়ের চলাফেরায় তিনি ক্ষুব্ধ ছিলেন। কয়েকদিন আগে পূর্ণিমা এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে পরে বাড়ি ফিরে আসে—এ ঘটনায় পারিবারিক উত্তেজনা চরমে ওঠে।
ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
উৎস: স্থানীয় সংবাদদাতা ও পুলিশ সূত্রে সংগৃহীত।
