ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম।
ওসি জানান, রাত ৮টার দিকে নবজাতকের বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় গিয়ে শিশুটি নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। তবে তার বক্তব্য পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মা শারমিন আক্তার স্বীকার করেন যে, পরপর কন্যাসন্তান জন্মে ক্ষোভের কারণে নবজাতককে খালে ফেলে দেন।
পরে তার দেখানো মতে খালের কচুরিপনা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেফতারকৃত শারমিন আক্তারকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুটির ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
