চুয়াডাঙ্গায় মর্মান্তিক ঘটনা: ছেলের মৃত্যু সংবাদে রেললাইনে ঝাঁপ দিতে গিয়ে রক্ষা পেলেন বৃদ্ধা মা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছেলের মৃত্যুসংবাদ শুনে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিতে যান এক বৃদ্ধা মা। তবে ট্রেনচালকের বিচক্ষণতা ও এলাকাবাসীর দ্রুত পদক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খবর পান—তার স্কুলশিক্ষক ছেলে মা/রা গেছেন। এ খবর শুনেই শোকে পাগলপ্রায় হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরই তিনি ছুটে যান চুয়াডাঙ্গা স্টেশনের পাশের রেললাইনে এবং সাগরদাড়ি এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিতে চেষ্টা করেন। উপস্থিত মানুষ চিৎকার শুরু করলে ট্রেনচালক ব্রেক প্রয়োগ করে ট্রেন থামিয়ে দেন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বৃদ্ধার বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটিতে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
